Thursday, April 23, 2020

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ

করোনাভাইরাসে মানুষের স্বাস্থ্যগত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকালে ইমেইলে অধিদফতরের ডিজির কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে. আর. খান (রবিন)। নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন এই আইনজীবী।


তিনি বলেন, '২২ এপ্রিল পর্যন্ত দেশের ১৭০ জন ডাক্তার, ১০০ জন পুলিশ, ২৮ জন সাংবাদিক, ৭ জন প্রশাসনিক কর্মকর্তা, অনেক নার্সসহ ৩,৩২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে ১১০ জন মৃত্যুবরণ করেছেন।করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংলিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ প্রদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। তাই সাধারণ মানুষের পর সবচেয়ে বেশিসংখ্যক ডাক্তার আক্রান্ত হয়েছেন।'
'সার্বিক বিবেচনায় অধ্যাপক মো. আবুল কালাম আজাদ তার পদ থেকে এর আগেই পদত্যাগ করা যক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি তা করেন নাই। তাই অত্র নোটিশপ্রাপ্তির পর যথাশিগগির সম্ভব পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অবিচক্ষণ কার্যকলাপের জন্য সৃষ্ট সব ধরনের ক্ষতির জন্য তিনি দায়ী থাকবেন।'
নোটিশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, অর্থ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বরাবরও পাঠানো হয়েছে।
আইনজীবী বলেন, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে হলেও বর্তমানে গোটা বিশ্বে প্রায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৬ লাখের বেশি। এখন বাংলাদেশসহ বিশ্বজুড়ে এর বিস্তৃতি বেড়েই চলছে। এই ভাইরাসের কারণে মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার যাবতীয় প্রদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এ ভাইরাস মোকাবিলা করাসহ দেশের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নানা রকম সুযোগ সুবিধা প্রদানসহ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।


শেয়ার করুন