Showing posts with label সারাদেশ. Show all posts
Showing posts with label সারাদেশ. Show all posts

Saturday, April 25, 2020

কুমিল্লায় জানালা ভেঙে পালিয়েছে করোনা রোগী

কুমিল্লায় জানালা ভেঙে পালিয়েছে করোনা রোগী

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম থেকে করোনাভাইরাস শনাক্ত রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে  গেছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম।


সূত্রে জানা যায়, শুক্রবার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ওই ব্যক্তি করোনা রোগী হিসেবে শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন  শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘরটি আইসোলেশন ঘোষণা করে বাড়িটি লকডাউন করেন।

পরে শুক্রবার  রাতে কোন এক সময় রোগী ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোন লক্ষণ না থাকায় তাকে বাড়িতে  আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেই। এই ধরনের রোগী অধিকাংশ ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা দিলে ভালো হয়ে যায়।

তবে এই রোগী  কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তি সংক্রমিত হবার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, পালিয়ে যাওয়ার খবর পেয়ে তাকে আটক করার জন্য পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।  
করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন।

করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন।

মহামারি করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয় জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১৪০ জনের মৃত্যু হলো। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩০৯ জন। এতে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ৯৯৮।



শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৩০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও নয়জন, এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ, তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।


করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে বই পড়া, বাগান করা এবং শারীরিক ব্যায়াম করার পরামর্শ দেয়া হয় বুলেটিনে। রোজার ইফতারে পানিসহ তরল খাবার বেশি করে গ্রহণেরও পরামর্শ দেয়া হয় এসময়।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সোয়া ২৮ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ছুঁই ছুঁই। তবে আট লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৯৯৮, মৃতের সংখ্যা ১৪০ এবং সুস্থ রোগীর সংখ্যা ১১২।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায়, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনাভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
করোনা তাণ্ডবের মধ্যেই আসছে ‘আম্ফান’

করোনা তাণ্ডবের মধ্যেই আসছে ‘আম্ফান’

ত্রাণ দেওয়ার নামে দিন-মজুরের মেয়েকে ধর্ষণ করল জামায়াত নেতা!

ত্রাণ দেওয়ার নামে দিন-মজুরের মেয়েকে ধর্ষণ করল জামায়াত নেতা!

চলমানকরোনা পরিস্থিতিতে দেশে যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নামে চাল লোপাটসহ নানাবিধ অপরাধের খবর পাওয়া যাচ্ছে, সে সময় এক ইউপি সদস্য জামায়াতে ইসলামীর নেতার বিরু’দ্ধে ত্রাণ দেওয়ার নামে এক দিন-মজুরের মেয়েকে ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে।


 

অভিযুক্ত আনোয়ার খান তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও জামায়াতে ইসলামীর রোকন

জানা যায়, লকডাউনের কারণে ওই পরিবারটি আছে খাদ্য সং’কটে। গত সোমবার তাদের নাম সরকারি সহায়তার তালিকাভুক্ত করতে ইউপি সদস্য আনোয়ার খানের কাছে যান মেয়েটির দিন-মজুর বাবা। তখন জামায়াত নেতা ও ইউপি সদস্য আনোয়ার সবার এনআইডি কার্ড নিয়ে আসতে বলেন।

মঙ্গলবার বিকেলে দিন-মজুরের বিবাহিত কন্যা এনআইডি কার্ড নিয়ে আনোয়ার খানের বাড়িতে গেলে তাকে একা পেয়ে ধ-র্ষণ করেন তিনি। দেরি দেখে ওই মেয়ের স্বামী ইউপি সদস্যর বাড়িতে গেলে ঘটনাটি দেখে ফেলেন। তখন বিষয়টি কাউকে না বলার জন্য হুম’কি দেন জামায়াত নেতা আনোয়ার। পরে তার পরিবার থানায় মামলা করে। এতে তাদেরকে এলাকা ছাড়ার জন্য শা’সানো হয়।

মেয়েটির দাবি, তার স্বামীকে তুলে নিয়ে গেছে আনোয়ারের লোকেরা। আজ পর্যন্ত তার তার খোঁজ মেলেনি। এছাড়া তার পরিবারটিকেও অবরু’দ্ধ করে রাখা হয়েছে।

মেয়েটির বাবা বলেন, আমি দিন-মজুর। ঘরে খাবার নাই। এর মধ্যে মেয়ে আর জামাতা বেড়াতে আসছে বাড়িতে। আনোয়ার মেম্বারের কাছে গেলে সে সবার এনআইডি কার্ড নিয়ে তার বাড়িতে যেতে বলে। তার বাড়িতে গেলে সে আমার মেয়ের সর্বনা’শ করছে। মামলা করায় এখন এলাকা ছাড়ার হুম’কি দিচ্ছে সে।ও আমার মেয়ের জামাইকে গুম করে রেখেছে।

তালতলীর ইউএনও সেলিম মিঞা বলেন, খাদ্য সহায়তা দেওয়ার নামে যা ঘটেছে, খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জামায়াত নেতা ও ইউপি সদস্য বর্তমানে পলাতক রয়েছেন।

উল্ল্যেখ যে এই মেম্বার এর আগেও ১ বার ধর্ষনে ধরা খেয়ে অন্য একজন মেয়েকে বিয়ে করতে বাধ্য হন এলাকাবাসীর চাপে।
নদীতে ভাসছে সরকারি তেলের বোতল; থেমে নেই চাল চুরি

নদীতে ভাসছে সরকারি তেলের বোতল; থেমে নেই চাল চুরি

টিসিবির পণ্য কখনও মিলছে খাটের ভেতর, কখনও ডিলারের বাড়িতে আবার কখনও জনপ্রতিনিধির কব্জায়। এবার নড়াইলের চিত্রা নদীতে মিললো টিসিবির তেলের খালি বোতল। গেল এক সপ্তাহেই নড়াইলে ডিলারসহ অন্তত ১৫ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এদিকে ঝালকাঠি, জয়পুরহাট, লালমনিরহাট, জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন।

নড়াইলের চিত্রা নদীতে ভাসছে টিসিবির তেলের খালি বোতল। রুপগঞ্জ খেয়াঘাটের মাঝি এসব বোতলের সন্ধান পাওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমালোচনা চলে দেশজুড়ে। প্রশ্ন উঠছে টিসিবি পণ্যের বিতরণ ব্যবস্থা নিয়ে।
হতদরিদ্র মানুষ এসব পণ্য কম দামে পাওয়ার কথা থাকলেও তা যথাযথ ভাবে না পাওয়ার অভিযোগ তাদের।
এক সপ্তাহে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির বিভিন্ন পণ্য বেচার দায়ে ডিলারসহ অন্তত ১৫ ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানান পুলিশ সুপার।
ভিজিডির ৪১টন চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়ার পিরোলী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এদিকে ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যের বাসায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল থাকায় ইউপি সদস্য ও ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটের আক্কেলপুরে ৮৫বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ডিলারকে আটক করেছে র‍্যাব। লালমনিরহাটের হাতিবান্ধায় ৯০মন খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। আর জামালপুরের ইসলামপুরে চিনাডুলি ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ২০ মেট্রিক টন চাল জব্দ করে উপজেলা প্রশাসন।
করোনা : এগিয়ে আসেনি এলাকাবাসী, লাশের জানাজা-দাফন করল ছাত্রলীগ

করোনা : এগিয়ে আসেনি এলাকাবাসী, লাশের জানাজা-দাফন করল ছাত্রলীগ

মহামারি করোনা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক পোশাক শ্রমিকের লাশ দাফনে এলাকাবাসী বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ ওই পোশাক শ্রমিকসহ পরিবারের ১২ জনের নমুনা সংগ্রহ করে। পরে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার শর্তে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে লাশ দাফনে সম্মত হন এলাকাবাসী।

ওই শ্রমিক ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাকরি করতেন। তবে নিজ এলাকা শাহজাদপুরের কেউই এগিয়ে না আসায় উপজেলা ছাত্রলীগের কর্মীরা লাশের জানাজা ও দাফন সম্পন্ন করেছেন। এতে প্রশংসায় ভাসছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
নিহত ও স্বজনদের নমুনা পরীক্ষার জন্য রোববার (২৬ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ১১ জনকেই হোম কোয়ারেন্টাইনে রাখতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেখা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, করোনা সন্দেহে লাশ দাফনে এলাকার লোকজন বাধা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পরদিন বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয়। পুলিশ পাহারায় দুপুরে দাফন সম্পন্ন হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, ময়মনসিংহের ভালুকা থেকে পোশাক শ্রমিকের মরদেহ আসে। কীভাবে মারা গেছেন, পরিবারের লোকজন স্পষ্টভাবে তেমন কিছুই বলেনি। এলাকাবাসীর আপত্তির কারণে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিহত ও স্বজনদের নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার জন্য রোববার রামেক হাসপাতালে পাঠানো হবে। প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ১১ জনকেই হোম কোয়ারেন্টাইনে রাখতে উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, ‘করোনা সন্দেহে ওই পোশাক শ্রমিকের লাশ দাফনে স্থানীয় কেউ এগিয়ে আসেননি। পরে সাহসিকতার সঙ্গে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মো. রাসেল ও তার সহযোগীরা ওই মৃত ব্যক্তির জানাজা শেষে দাফন সম্পন্ন করেন।’
ইউপি সদস্যের নামে চাউল চুরির অভিযোগ করায় বাড়িতে হামলা, আহত ৩

ইউপি সদস্যের নামে চাউল চুরির অভিযোগ করায় বাড়িতে হামলা, আহত ৩

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাশেম বেপারীর নামে খাদ্যবান্ধব কর্মসুচির ১০ টাকা কেজি চাউল চুরির অভিযোগ করায় অভিযোগকারীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে।


শুক্রবার সন্ধ্যায় বেতকা রান্ধনী বাড়ি গ্রামের কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে আওলাদ কাজী জানান, বৃহস্পতিবার আমার প্রতিবেশী ভাগিনা মুরাদ চাল চুরির একটি লিখিত অভিযোগ করেন উপজেলা প্রশাসনের কাছে। সেই সূত্র ধরে ইউপি সদস্য হাশেম বেপারী তার সন্ত্রাসী বাহিনী মন্টু মৃর্ধার ছেলে হিমেল, গনি আমিনের ছেলে বাশার, আলী আগবরের ছেলে আনোয়ার, নুর হোসেন তালুকদারের ছেলে কাউছার ও আলী ঈমাম সহ অজ্ঞাত আরো কয়েক জনকে পাঠিয়ে আমার ঘরের মালামাল লুট সহ ইলিয়াছ কাজীর স্ত্রী মোমেলা খাতুন, কাজী আওলাদ হোসেনের স্ত্রী রুবিয়া বেগম ও আওলাদ কাজীর ছেলে আলিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার নুরে আলম শুভ জানান, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার এস আই ইকবাল জানান, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।

Friday, April 24, 2020

দেখা গেল চাঁদ, কাল থেকে রোজা শুরু

দেখা গেল চাঁদ, কাল থেকে রোজা শুরু

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে শনিবার (২৫ এপ্রিল)। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও চাঁদ দেখা কমিটির সদস্য মো. নুরুল ইসলাম।


রমজান মাস শেষেই আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবার ২৯ দিনেই শেষ হলো শাবান মাস।

সভায় সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪১ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে রমজান মাস শুরু হচ্ছে।

আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে বলেও জানান তিনি।

আজ রাতেই (এশার নামাজের পর) ২০ রাকাত তারাবির নামাজ শুরু হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা। ঢাকায় প্রথম দিন সেহরির শেষ সময় রাত ৪টা ৫ মিনিট। প্রথম রোজার ইফতারের সময় ৬টা ২৮ মিনিট।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফেরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী-সহবাস ও যেকোনো ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদর। ইসলাম ধর্ম অনুযায়ী, রমজান মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

অপরদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুক্রবার থেকে রমজান শুরু হয়েছে।

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি বিরাজ করছে। তাই মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজের মতো তারাবির নামাজ পড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে এশারের জামাত ও তারাবি নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও ২ জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের এ নামাজ ঘরে বসে আদায় করতে হবে।

সরকারি এই নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ

অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় চট্টগ্রামে কৃষকের বোরো ও ইরি ধান কেটে দিচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মাঠে ধান কেটে তা কৃষকের বাড়িও পৌঁছে দিচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা। 



কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ ও দক্ষিণ জেলা ছাত্রলীগ বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম শুরু করেছে। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে রাঙ্গুনিয়ায় কৃষকের ধান কেটে দিচ্ছে স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা

সংগঠন সূত্রে জানা যায়, উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ফটিকছড়ি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দিচ্ছেন। দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরাও আনোয়ারা, পটিয়া ও সাতকানিয়াসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) মিরসরাই উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া এলাকার আলাউদ্দিন নামে এক কৃষকের এক কানি ও একই ইউনিয়নের অন্য কয়েকজন কৃষকের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি জনাব,তানভীর হোসেন চৌধুরী তপু বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ফটিকছড়ি, মিরসরাইসহ বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ। আমরা ধান কেটে তা কৃষকের বাড়িতেও পৌঁছে দিচ্ছি। এছাড়া অনেক কৃষক, যারা করোনার কারণে কষ্ট করছে তাদের আর্থিক সহযোগিতাও করছি আমরা।

এখনও সব এলাকায় ধান পাকতে শুরু করেনি। যেসব এলাকায় পেকেছে আপাতত ওইসব এলাকার কৃষকদের সহযোগিতা করছি আমরা। পর্যায়ক্রমে উত্তর জেলার আওতাধীন সব উপজেলায় আমাদের এ কার্যক্রম চলবে।
মৃত্যুর মিছিলে আরও চারজন, নতুন শনাক্ত ৫০৩

মৃত্যুর মিছিলে আরও চারজন, নতুন শনাক্ত ৫০৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজন প্রাণ হারিয়েছেন। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩১ জনে। আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে চার হাজার ৬৮৯। এছাড়া সুস্থ হয়েছেন আরও চারজন। এতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২-এ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।




তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫০৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৮৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন, চারজনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১২।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১২৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৮ জন এবং এ পর্যন্ত মুক্ত হয়েছেন ৬২২ জন। গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন হাজার ৬৯৬ জনকে। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে এক লাখ ৭১ হাজার ৮৪৬ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন পাঁচ হাজার ৯৫ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৮৯ হাজার ১১২ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৮২ হাজার ৭৩৫ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, সারাদেশের ৬৫ জেলা ও উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ৬০১টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে, সেখানে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় ২৩ হাজার ৬৩৫ জনকে। যারা কোয়ারেন্টাইনে থাকেন তারা আসলে সুস্থ। তারা যেহেতু কোনো করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন তাই তাদের এবং তাদের পরিবার পরিজনকে নিরাপদ রাখতেই কোয়ারেন্টাইনে রাখা হয়।

করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় আসন্ন রমজানে মসজিদে এশা ও তারাবিহ নামাজ আদায়ে যে নির্দেশনা (দুই হাফেজসহ ১২ মুসল্লি নিয়ে জামাত) দিয়েছে সেটা মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।




রমজানে ইফতার মাহফিল বা এ ধরনের কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি। ডা. নাসিমা বলেন, নিজে সুস্থ থাকবো এবং নিজের পরিবারের সদস্যকে সুস্থ রাখতে এ নির্দেশনাগুলো মেনে চলতে হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সোয়া ২৭ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় দুই লাখ ছুঁই ছুঁই। তবে সাড়ে সাত লাখ রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। নিয়েছে আরও নানা পদক্ষেপ। এসব পদক্ষেপের মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায়, বিশেষত ঘরে রাখা। কিন্তু সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশের টহল জোরদার করেও মানুষকে ঘরে রাখা যাচ্ছে না বিধায় করোনাভাইরাসের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

বিএনপি বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে: ওবায়দুল কাদের

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির নেই। করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তার বাসভবন থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি।’

তিনি বলেন, ‘রোগীকে রোগী হিসেবেই দেখব। এখানে ধনী-দরিদ্রের কোনো বিষয় নেই, বিত্তবান, বিত্তহীনের কোনো বিষয় নেই। কারণ করোনা দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকেই ছাড় দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে আহ্বান করেছেন। কিন্তু সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার কোনো নজির কোথাও নেই। এ সময়ে সর্তক থেকে যার যার দায়িত্ব পালন করা দায়িত্বশীলতার পরিচয়। রাজনৈতিক দল হিসেবে প্রত্যেক দলেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।’
কাদের বলেন, ‘কোনো রাজনৈতিক দল বা যে কেউ যদি ভালো পরামর্শ দেয়, তাহলে অবশ্যই সে ভালো পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে। করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি অহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।
অদৃশ্য শত্রুদের মোকাবিলার জন্য যার যা দায়িত্ব সেই দায়িত্ব পালন করা উচিত। তাই প্রত্যেকেরই স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রথম এবং প্রধান কর্তব্য বলে দাবি করেন ওবায়দুল কাদের।
করোনার অধিকাংশ রোগী সুস্থ হয়ে ফিরে যাচ্ছে: জননিরাপত্তা সচিব

করোনার অধিকাংশ রোগী সুস্থ হয়ে ফিরে যাচ্ছে: জননিরাপত্তা সচিব

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন বলেছেন, মানুষের মধ্যে একটি ভুল ধারণা আছে যে, করোনায় আক্রান্ত হলেই বোধহয় মানুষ মারা যাবে, এই ধারণা সঠিক নয়। করোনায় আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষই সুস্থ হয়ে ফিরে যাচ্ছে।


বাংলাদেশ পুলিশ বাহিনীর বেশকিছু সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়া প্রসঙ্গে সচিব এ সব কথা বলেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীতে ‘করোনা প্রতিরোধবান্ধব’ কাঁচাবাজার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এ সময় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকও উপস্থিত ছিলেন।
সচিব বলেন, ‘কিছু সদস্য করোনায় আক্রান্ত হলেও পুলিশ বাহিনীতে কোনো সংকট হবে না।’

বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ বাহিনীর ২১৮ জন সদস্য করোনাভাইরাসের সংক্রমণজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কনস্টেবলের সংখ্যা বেশি। তবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার পর্যন্ত কর্মকর্তাও আছেন।
এত সদস্য করোনা আক্রান্তের কারণে পুলিশ বাহিনী জনবলের ঘাটতিতে পড়বে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘আমাদের এক লাখ ১২ হাজার পুলিশ আছে। আক্রান্ত হয়েছে মাত্র তিনশ’র মতো। জনবলের কোনো ঘাটতি হবে না। পুলিশের মধ্যে কোনো সংকটও হবে না। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘আমরা আশা করি, আমাদের যেসব সদস্য আক্রান্ত হয়েছেন, সবাই সুস্থ হয়ে ফেরত আসবেন এবং দায়িত্ব পালন করবেন। আমরা তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছি।
‘মাঠপর্যায়ে দায়িত্বরত আমাদের পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ সবাই মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরবেন। স্যানিটাইজার ব্যবহার করবেন। বারবার হাত ধোবেন। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দায়িত্ব পালন করবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন’ বলেন সচিব
কোন হাসপাতালে কত পিপিই, তালিকা প্রকাশের আহ্বান আর্টিকেল ১৯ এর

কোন হাসপাতালে কত পিপিই, তালিকা প্রকাশের আহ্বান আর্টিকেল ১৯ এর

করোনা রোগীদের চিকিৎসার শুরু থেকে চিকিৎসকসহ প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের অনেকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) না পাওয়ার অভিযোগ করে আসছেন। এ পরিপ্রেক্ষিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে কোন প্রতিষ্ঠানে কতসংখ্যক পিপিই সরবরাহ করা হয়েছে সেই তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।


শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংগঠনটি বলছে, করোনার মতো বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সম্মুখ সারিতে আছেন চিকিৎসক, নার্স, টেকনিশয়ানসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী। করোনার সংক্রমণ এড়িয়ে রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এসব স্বাস্থ্যকর্মীর জন্য পর্যাপ্ত সংখ্যক সুরক্ষা উপকরণ তথা পিপিই অত্যাবশ্যক। তাই পিপিই বিতরণের ক্ষেত্রে এর যথাযথ মান ও বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

আর্টিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, “করোনা মোকাবিলা সম্পর্কিত কর্ম পরিকল্পনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ’যে সব স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি নিজেরা ও আপনজন হচ্ছেন, সে সম্পর্কে জানার এবং বোঝার অধিকার মানুষের রয়েছে। শুধু তাই নয়, ঝুঁকি মোকাবিলার এই প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের অধিকারও তার রয়েছে।’ অর্থাৎ করোনা মোকাবিলার অংশ হিসেবে কোথায় কী পরিমাণ পিপিই বিতরণ করা হয়েছে তা স্বাস্থ্যকর্মী তথা দেশের সাধারণ মানুষ জানতে চাইতেই পারেন। আমাদের ভুলে গেলে চলবে না, তথ্যের অধিকার একটি মৌলিক মানবাধিকার এবং সঠিক তথ্যের প্রয়োজনও এ মুহূর্তে সবচেয়ে বেশি। করোনার মতো জরুরি পরিস্থিতিতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে স্বাস্থ্য সেবা যেমন ব্যহত হবে তেমনি সঠিক তথ্যের অভাবে ভুল তথ্য এবং ভুয়া খবর ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যাবে।"
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য অধিদফতর ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে ১০ লাখেরও বেশি পিপিই বিতরণের তথ্য নিশ্চিত করেছে। অধিদফতরের তথ্য মতে, সারাদেশে সরকারি চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী আছেন ৮২ হাজার ৫১ জন। এ হিসেবে একজনের গড়ে ১২টি পিপিই পাওয়ার কথা।
আর্টিকেল ১৯ লক্ষ্য করেছে, এই বিপুল পরিমাণ পিপিই বিতরণের সরকারি তথ্যের বিপরীতে দেশজুড়ে অনেক স্বাস্থ্যকর্মী উদ্বেগের সঙ্গে জানিয়েছেন, কোনো পিপিই তারা পাননি। যারা পেয়েছেন, তারাও পিপিইর মান নিয়ে প্রশ্ন তুলেছেন। মানসম্মত মাস্ক ও পিপিই সরবরাহ না পাওয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ১৮ এপ্রিল নোয়াখালী জেনারেল হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের চিকিৎসক আবু তাহেরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আবু তাহের ১৬ এপ্রিল তার স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আমিসহ আমার ডিপার্টমেন্ট এর কেউ ১টিও n95/kn95/ffp2 মাস্ক পাইনি। তাহলে স্বাস্থ্য সচিব মিথ্যাচার কেন করলেন উনি n95 ইকোয়িভেলেন্ট মাস্ক দিচ্ছেন? গত একমাসে আমার ডিপার্টমেন্টে ৮ জনের জন্য ২টি পিপিই দেওয়া হয়েছে। এই হলো পর্যাপ্ত পিপিই মজুদ।
রাজধানীসহ দেশের বিভিন্ন পর্যায়ের হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্সরা শুরু থেকেই পর্যাপ্ত ও মান সম্মত সুরক্ষ উপকরণ এবং উপযুক্ত কর্মপরিবেশ না থাকার কথা জানিয়েছেন, যা গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনেও উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে সরকারি হাসপাতালে কর্মরত নার্সদের গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করে ১৫ এপ্রিল একটি নোটিশ জারি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।
ফারুখ ফয়সল বলেন, ’স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন যৌক্তিক উদ্বেগ প্রশমনের পরিবর্তে তাদের বিরুদ্ধে এই ধরনের নিবর্তনমূলক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি স্পষ্টতই মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকাররে লঙ্ঘন। তাছাড়া এর প্রতিক্রিয়া করোনা ব্যবস্থাপনার সঙ্কটকে আরো নাজুক করবে। কারণ, সুরক্ষা উপকরণ ও সেবাদানের উপযুক্ত পরিবেশ না থাকলে চিকিৎসকরা যেমন ঝুঁকির মধ্যে পড়বেন, তেমনি অসুরক্ষিত অবস্থায় বহু রোগীকে চিকিৎসা দেয়া চিকিৎসকরাও অন্য রোগীকে ঝুঁকির মধ্যে ফেলবেন।’
ফারুখ ফয়সল মত প্রকাশের স্বাধীনতা ও তথ্যের অধিকার সমুন্নত রাখার স্বার্থে চিকিৎসক আবু তাহেরকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জারি করা নোটিশ প্রত্যাহারের আহ্বান জানান।
অপপ্রচার ঠেকাতে মিডিয়া সেল গঠন করলো স্বাস্থ্য মন্ত্রণালয়

অপপ্রচার ঠেকাতে মিডিয়া সেল গঠন করলো স্বাস্থ্য মন্ত্রণালয়

বাংলাদেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে ‘অপপ্রচার’ ঠেকাতে এই রোগের সংক্রমণ ও বিস্তার রোধে নানা কার্যক্রম জানাতে একটি ‘মিডিয়া সেল’ গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার উপসচিব খন্দকার জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্ততে এই মিডিয়া সেল গঠনের কথা জানানো হয়। মিডিয়া সেলটি চার সদস্যবিশিষ্ট হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে কোভিড-১৯ এর সংক্রমণ ও বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক গৃহীত কার্যক্রম বা পদক্ষেপের বিষয়ে নিয়মিত ব্রিফিং, সকল মিডিয়াকে অবহিত, সকল মিডিয়াকে অবহিত এবং এ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অপপ্রচারের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি মিডিয়া সেল গঠন করা হল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই মিডিয়া সেলে থাকছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) রীনা পারভীন, মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্ট আহমেদ লতিফুল হোসেন ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
এই মিডিয়াসেলের কার্যক্রম সম্পর্কেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়-
মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তথ্য ও বক্তব্যের বিষয়ে সকল যোগাযোগ মাধ্যমের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে।
কমিটি বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদ প্রতিবেদন ইত্যাদি পর্যালোচনা করে সারসংক্ষেপ আকারে নিয়মিতভাবে মন্ত্রী ও সচিবসহ কর্তৃপক্ষকে অবহিত করবে।
কোভিড-১৯ সংক্রান্ত মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের বিষয়ে নিয়মিত ব্রিফিং করবে, সব ধরনের মিডিয়াকে অবহিত করবে।
কোনো সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য, ছবি, মন্তব্য, প্রকাশিত হলে সে বিষয়ে সংশোধন, ব্যাখ্যা ও মন্ত্রণালয়ের বক্তব্য প্রস্তুত করে তা কর্তৃপক্ষের অনুমোদনক্রমে প্রচার ও প্রকাশের ব্যবস্থা করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও কোনো বিবৃতি দেওয়া যাবে না।
সিগারেটের ধোঁয়া নিয়ে মারামারি, ২ জনের মৃত্যু

সিগারেটের ধোঁয়া নিয়ে মারামারি, ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্থানীয় দুই পক্ষের মধ্যে মারামারিতে দুই তরুণ মারা গেছেন। পুলিশ জানিয়েছে, সিগারেট খাওয়ার সময় একজন আরেকজনের মুখে ধোঁয়া ছেড়ে দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ সারাবাংলাকে জানান, গত বুধবার পৌরসদরের ভূঁইয়াপাড়ায় রেললাইনের পাশে বসে কয়েকজন স্থানীয় যুবক সিগারেট খাচ্ছিল। দুই যুবকের একজন আরেকজনের মুখে ধোঁয়া ছড়ানো নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। সেই বিরোধ মীমাংসার উদ্যোগ নেন এলাকার জ্যেষ্ঠ্য কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীমাংসার বৈঠকে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এতে জাহিদ ও শাহীন নামে দু’জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন রাত সাড়ে ১২টায়, আরেকজন শুক্রবার ভোর সাড়ে ৫টায় মারা যায়।
দু’জনের বয়স আনুমানিক ২৪/২৫ বছর। এদের একজনের বাড়ি বগুড়ায়, আরেকজনের বাড়ি সীতাকুণ্ডে। একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আরেকজনের পেশা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন, ‘সবাই নিম্ন আয়ের লোকজন। রেললাইনের পাশে কলোনিতে থাকে। মাদক সেবন, মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত। আমরা নিয়মিত সেখানে অভিযান চালাই।’
এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শামীম শেখ।

Thursday, April 23, 2020

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ

স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ চেয়ে নোটিশ

করোনাভাইরাসে মানুষের স্বাস্থ্যগত বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদের পদত্যাগ চেয়ে নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকালে ইমেইলে অধিদফতরের ডিজির কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে. আর. খান (রবিন)। নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন এই আইনজীবী।


তিনি বলেন, '২২ এপ্রিল পর্যন্ত দেশের ১৭০ জন ডাক্তার, ১০০ জন পুলিশ, ২৮ জন সাংবাদিক, ৭ জন প্রশাসনিক কর্মকর্তা, অনেক নার্সসহ ৩,৩২৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং ইতিমধ্যে ১১০ জন মৃত্যুবরণ করেছেন।করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংলিষ্ট ব্যক্তিবর্গ যথাযথ প্রদক্ষেপ নিতে প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন। তাই সাধারণ মানুষের পর সবচেয়ে বেশিসংখ্যক ডাক্তার আক্রান্ত হয়েছেন।'
'সার্বিক বিবেচনায় অধ্যাপক মো. আবুল কালাম আজাদ তার পদ থেকে এর আগেই পদত্যাগ করা যক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি তা করেন নাই। তাই অত্র নোটিশপ্রাপ্তির পর যথাশিগগির সম্ভব পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার অবিচক্ষণ কার্যকলাপের জন্য সৃষ্ট সব ধরনের ক্ষতির জন্য তিনি দায়ী থাকবেন।'
নোটিশের অনুলিপি জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব, অর্থ মন্ত্রণালয়, সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ বরাবরও পাঠানো হয়েছে।
আইনজীবী বলেন, করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরে হলেও বর্তমানে গোটা বিশ্বে প্রায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত ২৬ লাখের বেশি। এখন বাংলাদেশসহ বিশ্বজুড়ে এর বিস্তৃতি বেড়েই চলছে। এই ভাইরাসের কারণে মানুষ প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি হচ্ছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার যাবতীয় প্রদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী এ ভাইরাস মোকাবিলা করাসহ দেশের মানুষকে সুরক্ষিত রাখার লক্ষ্যে নানা রকম সুযোগ সুবিধা প্রদানসহ আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।

Sunday, April 19, 2020

ত্রাণ বিতরণে অনিয়ম: ৩ ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য সাময়িক বরখাস্ত

ত্রাণ বিতরণে অনিয়ম: ৩ ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য সাময়িক বরখাস্ত

ঢাকা: ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে আরও ১২ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।





বরখাস্ত ১২ জনপ্রতিনিধির মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনজন চেয়ারম্যান ও নয়জন সদস্য রয়েছে। এর আগে একই অভিযোগে গত ১২ এপ্রিল তিনজন ও ১৫ এপ্রিল নয় জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে মোট ২৪ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করা হলো।
রোববার সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখদুম কবীর তন্ময়, নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা গোলাম হাফিজ সোহাগ।

এছাড়া সাময়িক বরখাস্ত ইউপি সদস্যরা হলেন- নাটোরের লালপুর উপজেলার অর্জুনপুর-বড়মহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রেজা, বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রোকনুজ্জামান, ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুর রব পাটোয়ারী, নড়াইল জেলার কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মোশারেফ হোসেন এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য রনি বেগম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আল-আমিন চৌধুরী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মোছা. আছিয়া খাতুন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকার কর্তৃক প্রদত্ত খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ভিজিডির চাল আত্মসাৎ, খাদ্য সহায়তা চাইতে আসা লোকজনকে মারধর, সরকারি নির্দেশ অমান্য করে দেশের সংকটময় মুহূর্তে এলাকায় অনুপস্থিত থাকা, উপজেলা পরিষদের মাসিক সভায় অনুপস্থিত ইত্যাদি কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হলো। তাদের কেউ কেউ ইতোমধ্যে গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন এবং কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।
উল্লিখিত চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। সেইসঙ্গে পৃথক পৃথক কারণ দর্শানো নোটিশে কেন তাদেরকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য বলা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এর আগে ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশও জারি করা হয়।
এদিকে রোববার এক বার্তায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘ত্রাণ বিতরণে অনিয়ম করা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণে বর্তমানে অনিয়মের ঘটনা কম পরিলক্ষিত হচ্ছে। এরকম শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
‘ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে’

‘ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে’



ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত খুবই ক্ষতি হয়েছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজ হওয়া উচিত হয়নি। এখানে প্রশাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দেশের বিভিন্নস্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলাচলের আহ্বানও জানানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে অনেক ক্ষেত্রে সেই আহ্বান শুনছেন না সাধারণ মানুষ। এজন্য কিছুক্ষেত্রে কঠোরও হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

তিনি বলেন, ‘শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় একটি জানাজায় হাজার হাজার মানুষ শরিক হয়েছে। আশঙ্কা করি, অনেক লোক এখান থেকে হয়তোবা আক্রান্ত হয়েছে। এই সময়ে এ ধরনের জমায়েত খুবই ক্ষতি হয়েছে।’
এ সময় ধর্মীয় নেতাদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘এ ধরনের জমায়েত পরিহার করুন। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের জমায়েত খুবই ক্ষতিকর।’
উল্লেখ্য, শুক্রবার বিকাল পৌনে ৬টায় জেলা শহরের মারকাজ পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমির মাওলানা যুবায়ের আহমদ আনসারী।
শনিবার সকালে লকডাউন উপেক্ষা করে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা মাঠে তার জানাজায় অংশ নেন লাখো মানুষ।
এ ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটু ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানাকে প্রত্যাহার করে পুলিশ সদর দফতর।
স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালকের অপসারণ চায় ড্যাব

স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালকের অপসারণ চায় ড্যাব

ঢাকা: এন-৯৫ মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করায় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের অপসারণ চেয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।


রোববার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আব্দুস সালাম এ দাবি জানান।
বিশ্বমহামারী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষার জন্য নির্ধারিত এন-৯৫ মাস্কের পরিবর্তে সাধারণ মাস্ক সরবরাহ করে যাচ্ছিল স্বাস্থ্য অধিদফতর।

গুরুতর এই অভিযোগের দায় স্বীকার করে গত ১৭ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভুলবশত এন-৯৫ মাস্ক-এর মোড়কে সাধারণ মাস্ক সরবরাহ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দায় স্বীকারের একদিন পর রোববার ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম যৌথ বিবৃতিতে বলেন, তাদের তথাকথিত এই ভুলের কারণে বর্তমানে এক শতাধিক চিকিৎসকসহ প্রায় তিন শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে সংক্রামিত। পাঁচ শতাধিক কোয়ারান্টাইনে এবং একজন মেধাবী চিকিৎসক ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন।’
‘এটি কোনো ভুল নয়, বরং দীর্ঘ ১১ বছর যাবত স্বাস্থ্যখাতে চলমান দুর্নীতির একটি চিত্র মাত্র’— বলেন ড্যাবের সভাপতি ও মহাসচিব।
তারা বলেন, ‘প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছে, মানুষকে ধোঁকা দিয়ে সহানুভুতির আদায়ের প্রয়াস নিয়েছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এ দেশের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ও জনগণ আপনাদের এই কর্মকাণ্ড এবং মিথ্যাচার মেনে নেবে না। সময় এসেছে ভাঁওতাবাজি ও দুর্নীতির জবাবদিহি করার। জনগণের আদালতে অচিরেই আপনাদের মুখোমুখি হতে হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘দুর্নীতির দায়ে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের অপসারণ এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে জনতার আদালতেই তাদের বিচার করা হবে।’